রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে ব্যতিক্রমী উদ্যোগে শাক কেটে কেজি দরে বিক্রি করছেন বেশ কয়েকজন নারী। ভোর থেকে বাজারে এসে বিভিন্ন ধরনের শাক সংগ্রহ, পরিষ্কার ও কেটে প্রস্তুত করে ক্রেতাদের কাছে বিক্রি করছেন তারা। এতে একদিকে যেমন ক্রেতারা সহজে পরিষ্কার ও কাটা শাক কিনতে পারছেন, অন্যদিকে এই কাজের মাধ্যমে আয় করে নিজেদের স্বাবলম্বী করে তুলছেন নারীরা।
সিএন্ডবি মোড়ের এই শাকের বাজারে পাওয়া যাচ্ছে নানা ধরনের দেশি শাক। এর মধ্যে রয়েছে মটরের শাক, খেসারির শাক, কাটা শাক, সবুজ শাক, বৈইথা শাকসহ বিভিন্ন জাতের শাক। শাকের ধরন ও মানভেদে প্রতি কেজি ৬০, ৮০ ও ১০০ টাকা দরে বিক্রি করছেন তারা।
ক্রেতাদের চাহিদা অনুযায়ী শাক বাছাই করে পরিষ্কার করা, কেটে দেওয়া এবং পরিমাপ করে বিক্রি করছেন এসব নারী। ব্যস্ত নগরজীবনে অনেকেই সময় বাঁচাতে কাটা ও প্রস্তুত করা শাক কিনতে আগ্রহী হওয়ায় তাদের এই উদ্যোগ বেশ সাড়া ফেলেছে।
শাক বিক্রির সঙ্গে যুক্ত নারীদের কয়েকজন জানান, আগে সংসারের খরচ মেটাতে অন্যের ওপর নির্ভর করতে হতো। এখন নিজেদের শ্রম ও উদ্যোগে শাক বিক্রি করে প্রতিদিন কিছুটা হলেও আয় করতে পারছেন। সেই আয় দিয়ে সংসারের প্রয়োজনীয় খরচ মেটানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনা ও পরিবারের অন্যান্য কাজে সহযোগিতা করছেন তারা।
শুধু আয় নয়, এই কাজ নারীদের মধ্যে আত্মবিশ্বাসও তৈরি করছে। কারও কাছে কাজটি হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু নিজের শ্রমকে কাজে লাগিয়ে সম্মানের সঙ্গে উপার্জন করার মধ্যে যে আত্মমর্যাদা রয়েছে, তা-ই যেন প্রমাণ করছেন সিএন্ডবি মোড়ের এসব নারী।
তাদের এই উদ্যোগ সমাজের জন্যও একটি ইতিবাচক বার্তা বহন করছে—কোনো কাজই ছোট নয়; সততা, পরিশ্রম ও আত্মনির্ভরতার মাধ্যমে যেকোনো কাজই হয়ে উঠতে পারে স্বাবলম্বী হওয়ার পথ।

মাহফুজ আহমেদ, রাজশাহী
প্রকাশের সময়: Thursday, 17 September, 2026 । 9:57 pm