তারাগঞ্জে মহাসড়কে রোড ডিভাইডারে বাসের ধাক্কা: হেলপার নিহত, আহত ৩০

মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 29 October, 2026 । 8:43 pm

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি বাসস্ট্যান্ড এলাকায় এ আর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সজোরে ধাক্কা দিলে এনামুল হক (২৭) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ​নিহত হেলপার এনামুল হক রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকার বাসিন্দা। বর্তমানে তাঁর মরদেহ তারাগঞ্জ বালাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

ইকরচালী বাজারের আমিনুর মাস্টারের ছেলে সৈকত আলী ও ব্যবসায়ি শহিনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দ্রুতগতির এ আর ট্রাভেলস বাসটি ইকরচালি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এ সময় বাসটি সড়কের মাঝের রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার এনামুল হক নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে তারাগঞ্জ বালাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/নয়ন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন