শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) দুই সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উন্নয়ন-৩ শাখা থেকে সম্প্রতি এক অফিস আদেশের মাধ্যমে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
তদন্তের আওতাভুক্ত দুই কর্মকর্তা হলেন—শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি এবং সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আবু সাঈদ আকন্দ।
মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা ওই অফিস আদেশে বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সপক্ষে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (পেপার কাটিংসহ) ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ মন্ত্রণালয়ে জমা পড়েছে। এসব তথ্যের ওপর ভিত্তি করেই বিষয়টি খতিয়ে দেখার জন্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হলো।
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের এই আনুষ্ঠানিক আদেশের আগেই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব প্রধান শাখা থেকে এ দুই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চালানো হয়েছিল। মন্ত্রণালয়ের নতুন এই নির্দেশনার পর তদন্ত প্রক্রিয়া আরও গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Sunday, 1 November, 2026 । 3:10 pm