খুঁজুন
, ,

মানবিক সেবায় তরুণদের উদ্যোগ, সরকারি নিবন্ধন পেল রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন

সাজু ইসলাম, নওগাঁ
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম
মানবিক সেবায় তরুণদের উদ্যোগ, সরকারি নিবন্ধন পেল রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেয়েছে ‘রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন’।

রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির প্রতিনিধিদের হাতে নিবন্ধন সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজুর। তবে পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

ইউএনও মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারব হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মতিউর রহমান উজ্জ্বলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যুব উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

২০২৪ সালের ১২ আগস্ট প্রাথমিক কার্যক্রম শুরু করে সংগঠনটি। পরে ২০২৫ সালের ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মাহীদ এবং সহ-প্রতিষ্ঠাতা মোঃ মুন্না আহমেদ প্রাংসহ একঝাঁক তরুণের সম্মিলিত প্রচেষ্টায় পরিচালিত সংগঠনটির মূল লক্ষ্য স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করা, জরুরি রক্তসংকট নিরসন এবং যুবসমাজকে মানবিক ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করা।

প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দিয়ে সংগঠনটি নিজস্ব ওয়েবসাইট (www.raninagar.org)-এ তৈরি করেছে অনলাইন রক্তদাতা ডেটাবেজ। বর্তমানে অনলাইন ও অফলাইন মিলিয়ে সেখানে ১ হাজার ৫০৭ জন রক্তদাতার তথ্য সংরক্ষিত রয়েছে। এর মধ্যে ৮৭৩ জন সরাসরি অনলাইনে নিবন্ধিত। এ ছাড়া রক্তের প্রয়োজনে দ্রুত যোগাযোগের জন্য ওয়েবসাইটে চালু রয়েছে লাইভ চ্যাট সুবিধা, যা স্বেচ্ছাসেবকেরা পরিচালনা করছেন।

সরকারি নিবন্ধন সনদপ্রাপ্তির মাধ্যমে সংগঠনটি তাদের সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার সুযোগ পেয়েছে। এতে সংগঠনটির কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মাহীদ বলেন, শুরু থেকেই রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান তাঁদের সাহস, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়ে পাশে থেকেছেন। তাঁর সহযোগিতা সংগঠনের পথচলাকে গতিশীল করেছে। সরকারি স্বীকৃতি তাঁদের দায়িত্ব ও অনুপ্রেরণা আরও বাড়িয়েছে। ভবিষ্যতে রাণীনগর ও আত্রাইয়ের গণ্ডি পেরিয়ে বৃহত্তর পরিসরে মানবিক সেবা ছড়িয়ে দেওয়াই তাঁদের লক্ষ্য।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির বলেন, তরুণদের এমন প্রযুক্তিনির্ভর মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সরকারি নিবন্ধনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমের পরিধি ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে। ভবিষ্যতেও যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে তাদের গঠনমূলক কাজে সহযোগিতা অব্যাহত থাকবে।

ইউএনও মোঃ রাকিবুল হাসান বলেন, প্রযুক্তির মাধ্যমে রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগ সহজ করার উদ্যোগটি স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করা, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি নতুন তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান। সংগঠনটির যেকোনো ভালো ও জনকল্যাণমূলক উদ্যোগে তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

এদিকে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত আটজন যুবক ও যুব নারীর মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ৯ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা যুব মেলায় উদ্যোক্তাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ভাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, দুইজন আহত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: Monday, 2 November, 2026, 10:07 pm
ভাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, দুইজন আহত

ফরিদপুরের ভাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার(২ নভেম্বর) রাত সাতটার দিকে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ইন্টার সেকশন মোড়ের খুলনামুখী সড়কে ।নিহতরা হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার দুলাল কাজীর ছেলে ইজাজুল কাজী (২০) এবং পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাত সরদারের ছেলে স্বাধীন সরদার (২০)।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জিনিয়া আক্তার জানান , সন্ধ্যার পরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে এদের মধ্যে ইজাজুল কাজী ও স্বাধীন সরদারকে মৃত ঘোষণা করা হয়। অপরদিকে রাজন (২১) এবং ইয়ামিন (২৮) নামে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার রাত ৭ টার দিকে ভাঙ্গা ইন্টার সেকশন মোড়ের খুলনামুখী সড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/বিপ্লব 

রায়পুরে এক রাতেই নিঃস্ব সিফাত, চার মাসেও মেলেনি চার হত্যার রহস্য

আরিফ হোসেন রুদ্র, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: Monday, 2 November, 2026, 10:05 pm
রায়পুরে এক রাতেই নিঃস্ব সিফাত, চার মাসেও মেলেনি চার হত্যার রহস্য

‘বিচার তো অনেক দূরের কথা, চার মাস পার হয়ে গেল; এখনো জানতে পারলাম না, আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো।’ বুকভরা কষ্ট নিয়ে কথাগুলো বলতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন জুনায়েদ ইসলাম ওরফে সিফাত (১৮)। এক রাতেই মা ও তিন বোনকে হারিয়ে পরিবারের একমাত্র জীবিত সদস্য হিসেবে এখন অনেকটাই নিঃসঙ্গ তাঁর জীবন।

গত ২৫ জুন লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার একটি ভাড়া বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সিফাতের মা শাহিনুর বেগম (৪০) এবং তিন বোন সাইমা আক্তার (২১), নাফিসা আক্তার ওরফে ইকরা (১৭) ও ফাতেমা আক্তার ওরফে সিফা (১০)। ওই ঘটনার পর পুরো পরিবারে বেঁচে আছেন শুধু সিফাত।

স্বজনদের হারানোর পর পাশের একটি বাসায় থাকছেন তিনি। জীবিকার তাগিদে এলাকার একটি রড-সিমেন্টের দোকানে কাজ নিয়েছেন। দিনের বেশির ভাগ সময় কর্মস্থলে কাটলেও রাতে বাসায় ফিরলে মা ও বোনদের স্মৃতি তাঁকে তাড়া করে বেড়ায়। তাঁদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করে এখনো আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

সিফাতের আক্ষেপ, হত্যাকাণ্ডের চার মাস পেরিয়ে গেলেও ঘটনার প্রকৃত কারণ জানতে পারেননি তিনি। তাঁর প্রশ্ন, কী কারণে তাঁর মা ও তিন বোনকে এভাবে হত্যা করা হলো? অভিযুক্ত অন্তর মজুমদার একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, নাকি এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা ছিল? ঘটনার সব দিক খতিয়ে দেখে প্রকৃত রহস্য উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুন ওই বাসায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চারজনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর পালানোর সময় স্থানীয় লোকজন অন্তর মজুমদার (২৮) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দেন। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়।

ঘটনার পরদিন ধানহাটা এলাকায় জানাজা শেষে নিহত চারজনের মরদেহ কুমিল্লার হোমনায় তাঁদের গ্রামের বাড়িতে দাফন করা হয়। এ ঘটনায় সিফাত বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা করেন। অন্যদিকে, গণপিটুনিতে অন্তর মজুমদারের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে প্রেমঘটিত বিরোধ, অর্থ লেনদেন, স্বর্ণালংকার লুট কিংবা ব্যক্তিগত শত্রুতার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলের বাসায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার ও নগদ টাকা অক্ষত অবস্থায় পাওয়া যায়। ফলে শুধু লুটপাটের উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটেছে, এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না পুলিশ। তবে পরিবারের ব্যবহৃত দুটি মুঠোফোন বাসায় পাওয়া যায়নি। পরে অন্তরকে গণপিটুনি দেওয়ার স্থান থেকে ফোন দুটি উদ্ধার করা হয়। সেগুলো তিনি বাসা থেকে নিয়ে গিয়েছিলেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে অন্তর মজুমদারের আগে নিয়মিত মুঠোফোনে যোগাযোগ ছিল কি না, তা যাচাই করা হয়েছে। তবে নিয়মিত যোগাযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

দুটি মামলার তদন্ত করছেন রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান। তিনি বলেন, মামলাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সাক্ষ্যপ্রমাণ, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত, ফরেনসিক ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আলোচিত এ হত্যাকাণ্ডের প্রতিটি বিষয় সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে। প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

চার মাস আগে এক রাতেই মা ও তিন বোনকে হারিয়েছেন সিফাত। স্বজনদের স্মৃতি নিয়ে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছেন তিনি। দিনের বেলায় জীবিকার তাগিদে কাজ করলেও রাতের নীরবতায় ফিরে আসে হারানো স্বজনদের স্মৃতি। তাঁর অপেক্ষা—কেন এই হত্যাকাণ্ড, কারা জড়িত ছিলেন এবং এর পেছনের প্রকৃত রহস্য কী? এসব প্রশ্নের উত্তর মিলবে, অপরাধের বিচার হবে—এ আশাতেই দিন কাটছে পরিবারের একমাত্র জীবিত সদস্য সিফাতের।

লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, আহত ৩

মো. তারেক মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: Monday, 2 November, 2026, 9:11 pm
লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, আহত ৩

হবিগঞ্জের লাখাই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী পিকআপ সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে পিকআপে থাকা তিনজন আহত হয়েছেন।

​সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মোড়াকরি ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি মালবাহী পিকআপ দ্রুতগতিতে যাওয়ার সময় মোড়াকরি ইটভাটা সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পিকআপটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা তিনজন আহত হন।

​দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

​স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, এই সড়কটিতে যানবাহনের অতিরিক্ত গতির কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ ধরনের দুর্ঘটনা রোধে চালকদের আরও সতর্ক হওয়ার পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

ব্রেকিং নিউজ