শতবর্ষী বৃদ্ধা মাকে রেখে গিয়েছিলেন বাড়িতে, অতঃপর
শতবর্ষী বৃদ্ধাকে রশি দিয়ে বেঁধে নগদ টাকাসহ ১২ভরি স্বর্ণ চুরি
নওগাঁর রাণীনগরে শতবর্ষী এক বৃদ্ধাকে রশি দিয়ে বেঁধে দিনে দুপুরে বাড়িতে ঢুকে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এসময় ১২ভরি স্বর্ণসহ নগদ আড়াই লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এঘটনায় ভুক্তভোগী আব্দুস সালাম হোসেন মুক্তা (৬৮) বৃহস্পতিবার (৭মে) রাতে থানায় অভিযোগ দিয়েছেন। শুক্রবার (৮মে) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন সালাম।
এর আগে গত বুধবার (৬মে) দুপুর একটা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় উপজেলার মাছ ও কাচা বাজার এলাকায় আব্দুস সালাম হোসেন মুক্তার বাড়িতে চুরির এই ঘটনা ঘটে। দিনে দুপুরে বাজারে চুরির এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।সালাম হোসেন মুক্তা মৃত তাহের আলীর ছেলে।
জানা যায়, ঘটনার দিন সালাম হোসেন তার শতবর্ষী বৃদ্ধা মাকে বাড়িতে রেখে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে নওগাঁয় যান। আর এই সুযোগে চোরেরা সালামের বাড়িতে ঢুকে তার বৃদ্ধ মাকে একা পেয়ে রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর সালামের ঘরের আলমারি ভেঙ্গে আলমারিতে রাখা রুলি বালা ৩ জোড়া, ২জোড়া কানের দুল, ২টি গলার হার, ২টি গলার চেইনসহ মোট ১২ভরী স্বর্ণ এবং নগদ ২লাখ ৫০ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগ সালামের দাবি স্বর্ণ ও নগদ টাকা মিলে এতে তার প্রায় ৩২লাখ ৫০ হাজার টাকার মতো চুরি হয়েছে।
ভুক্তভোগী সালাম হোসেন মুক্তা বলেন, আমরা বাড়িতে ছিলামনা। এই সুযোগটা নিয়েছে চোরেরা। তারা আমার শতবর্ষী মাকে বেঁধে রেখে চুরি করে। আমি ধারণা করছি, আমার বাড়ির সাথে হেলে পড়া একটি আম গাছ দিয়ে প্রথমে বাড়িতে ঢুকে। এরপর তারা আমার মায়ের মুখ ও হাত বেঁধে রাখে যেন কোনো শব্দ করতে না পারে। পরবর্তীতে তারা দরজা ও আলমারি ভেঙে বিভিন্ন গহণাসহ মোট ১২ভরি স্বর্ণের জিনিস চুরি করে। সেই সাথে ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকাও নিয়ে গেছে চোরেরা। অবশ্য চুরির পর মায়ের মুখের বাঁধন খুলে ঘরে শিকল দিয়ে রেখে চলে যায়। এঘটনায় আমার মা হতবম্ব হয়ে আছে। তিনি আক্ষেপ করে আরও বলেন, একদম বাজারের মধ্যে আমার বাড়ি। এভাবে চুরি হওয়াতে আমিও আশ্চর্য হয়েছি। গত রাতের দিকে থানায় অভিযোগ করেছি।
জানতে চাইলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল মুঠোফোনে বলেন, খবর পাওয়ার পর ওখানে পুলিশ গিয়েছিল। সবকিছু দেখে এসেছে। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
উল্লেখ্য, মাত্র ৪দিনে আগে বাড়ির সামনে থেকে মাত্র তিন মিনিটের ব্যবধানে একটি ১৫০সিসি আরটিআর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। শনিবার (২মে) দুপুরে উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকা থেকে আমিনুল ইসলামের ব্যবহৃত ১৫০সিসি আরটিআর ওই মোটরসাইকেল চুরির ঘটনাটি ঘটে।
আমিনুল ইসলামের বাড়ি উপজেলা সদরের মধ্য রাজাপুর গ্রামে। তিনি মাস্টারপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।
আরাফাত আলী/জেএস

