আলীকদম সেনা জোনের বৃক্ষরোপণ কর্মসূচি: ৬৫ হাজার চারা রোপণের মেগা পরিকল্পনা
আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২ হাজার এবং সেন্ট মেরিস স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ৩১বীর আলীকদম সেনা জোনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন ৩১বীর আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. আবুল হাসান পলাশ। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম। লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচির প্রথম পর্যায়ে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২ হাজার এবং সেন্ট মেরিস স্কুলের শিক্ষার্থীদের মাঝে ২ হাজার সহ মোট ৪ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে দুই শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে অতিথিদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয়।
এছাড়া দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মুরুংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়। আলীকদম সেনা জোনের পরিকল্পনা অনুযায়ী পর্যায় ক্রমে উপজেলার বিভিন্ন পাড়া ও জনবসতিপূর্ণ এলাকায় প্রায় ৬৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি আমাদের জীবন, জীবিকা ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় অধিক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে যাচ্ছে। আলীকদম জোনের এধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

