রাজধানীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প পরিদর্শনে গণপূর্ত সচিব
নগরবাসীর আবাসন সুবিধা সম্প্রসারণ, পরিকল্পিত নগরায়ণ এবং নাগরিক জীবনযাত্রার মানোন্নয়নে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চলমান ও প্রস্তাবিত আবাসন প্রকল্প পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের প্রথম পর্যায়ে সচিব ঢাকার মোহাম্মদপুর হাউজিং এস্টেটের আসাদ এভিনিউতে নির্মাণাধীন ‘গৃহায়ন কনকচাঁপা’, সাতমসজিদ রোডে নির্মাণাধীন ‘গৃহায়ন দোলনচাঁপা’ ৪৩০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প, মোহাম্মদপুরের আসাদ এভিনিউতে টাউন হলের পাশে প্রস্তাবিত ১৩-তলা আবাসিক-কাম-বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকল্প এবং লালমাটিয়া নিউ কলোনি খেলার মাঠ পরিদর্শন করেন।
পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২৪-এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের লক্ষ্যে নেওয়া ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প এবং মিরপুর-১৪ নম্বর সেকশনে বিদ্যমান জরাজীর্ণ বি.ডি.এল.জি. ভবনসমূহ অপসারণ করে সেখানে আবাসিক ফ্ল্যাট নির্মাণের প্রস্তাবিত প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাঃ ফেরদৌসী বেগম, সদস্য এ.কিউ.এম. শাহজালাল মজুমদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মোঃ হারিজুর রহমান এবং পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সচিব সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি, নির্মাণকাজের গুণগত মান, নির্ধারিত সময় অনুযায়ী বাস্তবায়ন পরিস্থিতি, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। তিনি প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করে চলমান কাজের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।
সচিব বলেন, রাজধানীতে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আবাসিক ভবন নির্মাণ করলেই হবে না; একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে খেলার মাঠ, উন্মুক্ত স্থান, সড়ক যোগাযোগসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের চলমান আবাসন ও নগর উন্নয়ন প্রকল্পগুলো যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর অফিস কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান। তিনি একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। এ সময় তাঁর সহধর্মিণী একটি বকুল গাছের চারা এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাঃ ফেরদৌসী বেগম একটি হিজল গাছের চারা রোপণ করেন।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
জাগো সংবাদ/আরাফাত

