রাজধানীর বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি গুরুতর আহত, ঢামেকে ভর্তি
রাজধানীর বাড্ডা থানাধীন হোসেন মার্কেটের পিছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মোঃ রানা (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ৩৭৩ নম্বর বাসায় এই ঘটনা ঘটে বলে তথ্য দেন আহত ব্যক্তি এবং পরিবারের সদস্যরা।
আহত রানা পেশায় একজন ড্রাইভার। তার পিতার নাম মৃত আব্দুর রব। বর্তমান ঠিকানা কাজীবাড়ি, নতুন বাজার, ভাটারা, ঢাকা। স্থায়ী ঠিকানা নোয়াখালীর মাইজদীতে।
গুলির ঘটনায় আহত রানা নিজেই জানান, আমি গতকাল দুপুর আনুমানিক ৩টার দিকে উত্তর বাড্ডায় আমার এক ভাই জয়ের বাসায় দাওয়াত খেয়ে আমি একটি রুমে ঘুমিয়ে গিয়েছিলাম। সাথে আমার এক ছোট ভাই ছিলো। সাথে জয় ভাইও ছিলো । কিন্তু রাত আনুমানিক ১০ টার দিকে বাসার দরজায় নক হয়। ভেতর থেকে জিজ্ঞেস করা হয় ‘কে?’, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া-শব্দ আসেনি। আমি বিছানায় শুয়েই ছিলাম। এরপর জয় ভাই দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে বাসার মেইন দরজার কাছে চলে যায়। এমন সময় হঠাৎ বাসার ভেতরের দরজা দিয়ে তামিম সহ আরো ২ জন প্রবেশ করে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে আমার ডান পায়ে গুলি করে। গুলিটি আমার ডান পায়ের হাঁটুর উপরে লাগে। গুলি করেই তারা দ্রুত পালিয়ে যায়।
তিনি আরো অভিযোগ করে বলেন, একই এলাকার বাসিন্দা তামিম নামের এক ব্যক্তি আমাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে আমার ডান পায়ে হাঁটুর উপরে গুলি লাগে। তামিমের পিতার নাম সিরাজুল ইসলাম।
পরবর্তীতে আমাকে আমার স্বজনরা উদ্ধার করে রবিবার রাত (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে এখানেই আমি চিকিৎসাধীন আছি।
আহত রানার স্বজনরা বলেন, তার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে তামিম নিয়মিত চাঁদা চাইত। আহত রানা তামিমকে বলে দেন কোন চাঁদা দেয়া হবেনা। সেই চাঁদা না দেওয়ায় এই গুলির ঘটনা ঘটতে পারে বলে তারা ধারনা করছেন। তারা বলেন, এই তামিমের নামে নাকি বাড্ডায় খুনের মামলা আছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিটির জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডের চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
জাগো সংবাদ/আরাফাত

